রাজনীতি

এনসিপি এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেবে: সারজিস

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেছেন, এনসিপি এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে। পৌরসভা ও ইউনিয়ন থেকে শুরু করে জেলা-উপজেলায় মাঠ পর্যায়ে নেতাকর্মী যারা রয়েছেন, তাদের প্রস্তুত থাকার আহ্বান রইল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান রাখেন। 

সারজিস বলেন, “দ্রুত প্রাথমিকভাবে প্রার্থী যাচাই-বাছাই শুরু করব। উপজেলা এবং সাংগঠনিক অঞ্চলে গিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানীয় পর্যায়ে প্রাথমিকভাবে আমাদের প্রার্থী ঘোষণা করা হবে।”

“আমরা আগামীতে নতুন একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাচ্ছি। এনসিপি তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে আমরা নির্বাচনে পার হয়েছি। স্থানীয় সরকার নির্বাচনে যাতে কোনো ধরনের ভুল না হয়, সে বিষয়ে সজাগ থাকব,” বলেন তিনি।

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, “মানুষের কাছে নেতাকর্মীদের গ্রহণযোগ্যতা যত বেশি থাকবে তারাই মূল্যায়ন পাবে। এখন পর্যন্ত এনসিপি ও জামায়াত পৃথকভাবে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। জোটকেন্দ্রিক স্থানীয় নির্বাচন হবে কি না, শেষ সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”