জাতীয়

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনও, তবে রয়ে গেছে সামান্য জের, যা পূরণের জন্য উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন সম্পন্ন করার জন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে নির্বাচন করে বিজয়ী হন। তবে আইন অনুযায়ী শপথ গ্রহণের আগেই তাকে একটি আসন রেখে অন্যটি ছাড়তে হয়। তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সংসদ্য হিসেবে শপথ নেন। ফলে এই আসনটি শূন্য ঘোষণা করে ইসি।

শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মারা যাওয়ায় ভোটের আগেই নির্বাচন স্থগিত করে ইসি। ফলে ভোটগ্রহণ হয়নি আসনটিতে।

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে একই দিনে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়া-৬ আসনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার।

শেরপুর-৩ আসনে রিটার্নিং অফিসার হিসেবে জেলা নির্বাচন অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে উপজেলা নির্বাচন অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট আসনের নির্বাচন অনুষ্ঠান, তদারকি ও সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এর আগে এই দুই আসনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ। প্রার্থীরা ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত আপিল করতে পারবেন; আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ ১৫ মার্চ। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) দুই আসনে ভোটগ্রহণ হবে।

মাঠ পর্যায়ের তথ্য বলছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির জন্য আসন দুটিতে জয় পাওয়া মর্যাদার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে; তারা সেভাবে প্রস্তুতিও নিচ্ছে। অবশ্য জামায়াত জোট তাদের সংখ্যা বাড়াতে জোর দেবে এই দুই আসনের ভোটে জিতে আসতে।