লাইফস্টাইল

খেজুর কেনার সময় যে ৫টি বৈশিষ্ট্য দেখে নেওয়া উচিত

ইফতারে খেজুর খাওয়া মানেই বেশি পরিমাণে ক্যালোরি আর পুষ্টি পাওয়া। হালকা রসালো এই ফল স্বাদেও অনন্য। কিন্তু খেয়াল করেছেন— এক একটা দেখতে এক এক রকম। কোনোটি লম্বাটে, কোনোটি শক্ত, কোনোটি হালকা খয়েরি, আবার কোনওটি কালচে রঙের। এত রকমের খেজুরের ভিড়ে ভালো মানেরটি বেছে নিতে ৫টি বৈশিষ্ট্য খেয়াল রাখা জরুরি।

রঙেই পরিচয় খেজুরের যেমন বৈচিত্র আছে, তেমনই রঙেরও ফারাক দেখা যায়। কোনওটি হালকা হলদেটে, কোনওটি খয়েরি, আবার কোনওটি গাঢ় রঙের। সাধারণত কম পাকা খেজুর হলদেটে হতে পারে। খেজুর যত পাকবে, তার রং ততই গাঢ় হবে। তাই খুব বেশি ফ্যাকাসে রঙের খেজুর এড়িয়ে চলাই ভালো।

খেজুরের গঠন  কোনও খেজুর তেলতেলে, কোনওটিতে থাকে কোঁচকানো ভাব। কোনওটি খানিক শুকনো, আবার কোনওটি বেশ রসালো। বিভিন্ন জাতের খেজুরের গঠন আলাদা হলেও খুব বেশি কোঁচকানো থাকলে বুঝতে হবে সেটি অতিরিক্ত শুকনো। তুলনায় সামান্য তেলাভাব আছে এবং হাতে চেপে দেখলে হালকা নরম—এমন খেজুরই ভালো মানের হওয়ার সম্ভাবনা বেশি।

গন্ধ খেজুরের তীব্র গন্ধ না থাকলেও এর নিজস্ব একটি মিষ্টি সুবাস আছে। ভালো মানের ফল সাধারণত গন্ধেই বোঝা যায়। খেজুর মুখে দেওয়ার পর যদি স্বাদ বা গন্ধ অস্বাভাবিক মনে হয়, তবে সেটি না খাওয়াই শ্রেয়।

কতটা নরম খেজুরে হালকা চাপ দিয়ে দেখুন। বেশি তলতলে হলে বা আলতো চাপেই বীজ বেরিয়ে এলে বুঝবেন এতে আর্দ্রতার পরিমাণ বেশি। ভালো খেজুর হবে হালকা নরম, তবে বাইরের অংশে থাকবে সামান্য দৃঢ়তা। অবশ্য প্রজাতিভেদে এই বৈশিষ্ট্য ভিন্ন হতে পারে। যেমন, সাফাই খেজুরের তুলনায় মেজদুল খেজুর সাধারণত বেশি নরম হয়।

প্যাকেজিং খেজুর কেনার সময় প্যাকেট ভালোভাবে পরীক্ষা করুন। প্যাকেটে কাটা বা ফাটা অংশ থাকলে সেটি এড়িয়ে চলুন। ভালো প্যাকেজিং খেজুরকে দীর্ঘদিন সতেজ রাখতে সাহায্য করে। প্যাকেজিংয়ে সমস্যা থাকলে খেজুর দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

সঠিকভাবে দেখে ও বুঝে খেজুর কিনলে স্বাদ ও পুষ্টি—দুটিই ঠিকঠাক পেতে পারেন।