পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “খাল রক্ষায় জনসচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। খাল পরিষ্কার রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার সামাজিক দায়িত্ব। খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কেরাণীগঞ্জের শুভাড্ডা খালের খনন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, “খাল রক্ষা ও খনন কার্যক্রম টেকসই করতে হলে জনসচেতনতার কোনো বিকল্প নেই। খাল দখল ও দূষণমুক্ত রাখতে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। খাল খনন ও পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নৌপথ সচল রাখতে সরকার কাজ করে যাচ্ছে।”
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, রানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।