খেলাধুলা

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের টেস্ট, সূচি চূড়ান্ত

জুনে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। আগস্টে বাংলাদেশ ফিরতি সফরে অস্ট্রেলিয়া যাবে। খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট খেলার অপেক্ষায় বাংলাদেশ। ডারউইন ও ম্যাকাইতে হবে দুটি টেস্ট ম্যাচ। বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ডারউইনের মারারা ওভালে প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দ্বিতীয় টেস্ট ২২ অগাস্ট থেকে।

দুটি টেস্টই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এবারের সফরে আর কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ।

২৩ বছর আগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ টেস্ট খেলেছিল। ২০০৩ সালে সেই সফরেও প্রথম টেস্ট হয়েছিল ডারউইনে। পরেরটি কেয়ার্নসে। পরে ২০০৮ সালে অজিরা কেবল তিন ওয়ানডের জন্য বাংলাদেশকে আতিথেয়তা দিয়েছিল। এরপর কখনোই বাংলাদেশকে খেলতে ডাকেনি অস্ট্রেলিয়া। এবার লম্বা সময় পর দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন‌্য বাংলাদেশের অস্ট্রেলিয়ার দুয়ার খুলল।

ক্রিকেট অস্ট্রেলিয়া গ্রীষ্মের শুরুতে মূল ভেন্যুর বাইরে গিয়ে ম‌্যাচগুলো আয়োজন করে। ডারউইন ও ম্যাকাই তেমনই ভেন্যু। যেখানে অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিয়মিত খেলে না। ডারউইনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া খেলেছিল ২০০৩ সালে। পরের বছর শ্রীলঙ্কাকে আরেকটি টেস্ট ম্যাচে আতিথেয়েতা দিয়েছিল তারা। ২২ বছর পর আবার ডারউইনে টেস্ট অনুষ্ঠিত হবে। 

ম‌্যাকাইতে এখনও কোনো টেস্ট ম‌্যাচ হয়নি। আন্তর্জাতিক ওয়ানডে হয়েছে তিনটি। ১৯৯২ বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার ম‌্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ৩৩ বছর কোনো আন্তর্জাতিক ম‌্যাচ পায়নি ম‌্যাকাই। ২০২৫ সালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এখানে দুটি ওয়ানডে খেলে। 

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সফরটি হওয়ার কথা ২০২৭ সালে। কিন্তু টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী বছরের মার্চে ইংল‌্যান্ডের সঙ্গে বিশেষ টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এজন‌্য সফরটি এই বছরে এগিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ৬ টেস্ট খেলেছে। বাংলাদেশের জয় ১টি, অস্ট্রেলিয়ার ৫টি।