শিক্ষা

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়।

ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

চলতি বছর সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৯টি বোর্ড থেকে মোট ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ১১ হাজার ১৮০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। গত বছরের ২৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ৫ জানুয়ারি পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীরা যেভাবে ফল দেখতে পারবে—

১. অনলাইন পদ্ধতি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে dpe.gov.bd গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ (2026) দিলেই ফল দেখা যাবে।

২. এসএমএস পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ (16222) নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।