ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ইসরাইল হাওলাদার বলেছেন, আসন্ন বইমেলা ঘিরে তিন স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, পুরো রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এখন ‘জিরো টলারেন্স’ নীতিতে। বইমেলায় যদিও বর্তমানে বড় কোনো গোলযোগের আশঙ্কা নেই, তবুও জনস্বার্থে পুলিশ কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ। যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় ডিএমপি পর্যাপ্ত ফোর্স এবং আধুনিক সরঞ্জাম প্রস্তুত রেখেছে।
বইমেলার প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। বিপুল সংখ্যক পোশাকধারী পুলিশ সদস্য সার্বক্ষণিক মেলা প্রাঙ্গণে মোতায়েন থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তা প্রতিহত করা যায়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার সতর্ক করে বলেছেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিক্ষিপ্ত ঘটনার পরিপ্রেক্ষিতে নাগরিকদের মনে স্বস্তি ফেরাতেই পুলিশের এই ‘প্রস্তুতি’র ঘোষণা। মেলায় কোনো ধরনের বিতর্কিত বা নিষিদ্ধ বই যাতে স্থান না পায়, সে বিষয়ে প্রকাশকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।