হেরোইনের মামলায় বেনাপোলের দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) যশোর বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা) এস এম নূরুল ইসলাম এ দণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্তরা কারাগারে রয়েছেন।
কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের বিশেষ পিপি আনিছুর রহমান পলাশ রায়ের তথ্য জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বেনাপোল উপজেলার ঘিবা গ্রামের ইয়াকুব আলী সরদারের ছেলে শুকুর আলী ও মৃত নইমুদ্দিন বিশ্বাসের ছেলে জামাল বিশ্বাস।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১৩ মে শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শার্শা বাজারস্থ যাত্রী ছাউনির সামনে দুইজন মাদক কারবারি অবস্থান করছে। উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেনের নেতৃত্বে একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে একজন ব্যাগ ফেলে পালিয়ে যায় এবং অপরজনকে আটক করতে সক্ষম হয়। আটক শুকুর আলীর ব্যাগ তল্লাশি করে ৩০০ গ্রাম হেরোইন ও পালিয়ে যাওয়া জামাল বিশ্বাসের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই মুরাদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুকুর আলীকে শার্শা থানায় সোপর্দ করেন। এ মামলা তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় এজাহারনামীয় দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই সুজাত আলী।