আন্তর্জাতিক

মুম্বাইতে আটক ২৫ বাংলাদেশি

মহারাষ্ট্রের মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমের ইউরি নগর এলাকা থেকে ২৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে চলতি বছরের প্রথম দুই মাসেই শুধুমাত্র মুম্বাই থেকে ১১৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হলো। 

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার আন্ধেরি পশ্চিমের ইউরি নগর এলাকায় একটি অভিযান চালিয়ে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই শহরে বসবাসের অভিযোগে ২৫০ জনকে আটক করা হয়। এদেরকে যারা মুম্বাইতে অবৈধ প্রবেশ এবং থাকার ব্যবস্থা করেছিল, তাদেরও খোঁজ চলছে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে, ভিলে পার্লে থেকে একজন বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল। 

পুলিশ জানিয়েছে, পশ্চিমবঙ্গ সীমান্তে নিরবচ্ছিন্ন সীমান্ত নিরাপত্তা এবং কিছু কর্মীর কথিত যোগসাজশে ভারতে এই অবৈধ অনুপ্রবেশ হচ্ছে। 

প্রসঙ্গত, গত তিন বছরে, বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের অভিযোগে ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশি নাগরিককে মুম্বাইতে আটক করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৩৮ জনকে ইতিমধ্যেই ফেরত পাঠানো হয়েছে। বাকি মামলাগুলি আইনি প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি এর মধ্যে, মুম্বাই পুলিশ ১১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। এখনও পর্যন্ত ২৭ জনকে ফেরত পাঠানো হয়েছে। 

এই বিষয়ে যুগ্ম পুলিশ কমিশনার সত্যনারায়ণ চৌধুরী জানিয়েছেন, শুধুমাত্র ২০২৫ সালেই ১ হাজাার ১০০ বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। ওই বছর ২২৪ জন অভিযুক্তের বিরুদ্ধে ১৫০টি মামলা দায়ের করা হয়েছিল। বর্তমানে সমস্ত মামলা আদালতে বিচারাধীন। আগামী সপ্তাহগুলোতেও অভিযান অব্যাহত থাকবে।