সারা বাংলা

বিএনপি নেতার চাঁদার দাবিতে মাদ্রাসার নির্মাণ কাজ বন্ধ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুই লাখ টাকা চাঁদার দাবিতে মাদ্রাসা ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঠিকাদার এস এম বদিউজ্জামান মোরেলগঞ্জ  থানায় লিখিত অভিযোগ করেছেন। বুধবার (২৫ ফেরুয়ারি) অভিযোগের প্রেক্ষিতে  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান মুঠোফোনে বলেন, ‘‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার টাকায় গুলিশাখালী ফাজিল মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ চলতি বছরের নভেম্বর মাসে শেষ হওয়ার কথা রয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী বলেন, ‘‘প্রতিষ্ঠানের কাজ নিয়ম অনুযায়ী হচ্ছে। কাজে আমাদের কোনো অভিযোগ নেই। তবে শুনেছি, স্থানীয় কিছু লোকজন চাঁদা চাওয়ার কারণে ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছে।’’

ঠিকাদার এস এম বদিউজ্জামান বলেন, ‘‘দরপত্রের সকল নিয়ম মেনে আমরা কাজ করছিলাম। কিন্তু হাফিজুর রহমান ও তার লোকজন চাঁদা চেয়েছিল, দিতে অস্বীকৃতি জানালে তারা কাজ বন্ধ করে দিয়েছে। আমাদের লোকজনকে হুমকি-ধামকিও দিয়েছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’’ 

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হাফিজুর রহমান। তিনি অনিয়ম হওয়ায় কাজ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন। 

হাফিজুর রহমান বলেন, ‘‘ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির ছেলে ইস্রাফিলও আমাকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে চেয়েছে, আমি নেইনি। স্বচ্ছভাবে কাজ হচ্ছে না। অনিয়মের কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।’’

থানায় করা অভিযোগে জানা যায়, মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী ফাজিল মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওসমান আলী। ভবনের নির্মাণকাজ শুরুর পর থেকে বিভিন্ন সময় নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হাফিজুর রহমানের নেতৃত্বে ৭-৮ জন লোক কাজে বাধা দেয়। তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় গত ২৩ ফেব্রুয়ারি দুপুরের দিকে হাফিজুর রহমান ও তার লোকজন ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেয় এবং গালিগালাজ করে ও হুমকি-ধামকি দেয়। এ সময় প্রতিবাদ করলে, কোথাও অভিযোগ বা মামলা করলে জীবননাশ, খুন-জখম ও মারধরের হুমকি দিয়ে চলে যায়।