শরীয়তপুরের ভেদরগঞ্জে এলিনা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মধ্য মহিষার এলাকার স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলিনা আক্তার ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ফয়সালের চাচাতো ভাই মিল্টন মল্লিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, দেবর-ভাবির মধ্যে সম্পর্ক ছিল। প্রায় তিন মাস আগে তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হয়। মঙ্গলবার ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে মিল্টনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বুধবার সকালে এ খবর গ্রামে পৌঁছালে গলায় ফাঁস দেন এলিনা।
এলাকাবাসীর ধারণা, সম্পর্কের বিষয়টি জানাজানি হলে মিল্টন-এলিনার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। সেই জেরে দুজন আত্মহননের পথ বেছে নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, “মিল্টন আমার কাছের বন্ধু ছিল। প্রায় সাত মাস আগে লিবিয়া থেকে ফিরে ঢাকায় মিষ্টির দোকানে কাজ শুরু করে।”
তিনি দাবি করে, মঙ্গলবার ইফতার শেষে মিল্টন আত্মহত্যা করেছে। এ খবরে ওর চাচাতো ভাবিও আত্মহত্যা করেছেন।
নিহতদের নিকটাত্মীয় আব্দুল খালেক মাদবর দাবি করেন, মিল্টন-এলিনার পরকীয়া সম্পর্ক ছিল। সেই জেরে তারা আত্মহত্যা করেছেন।
ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাসার বলেন, “সকালে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”