সারা বাংলা

চোরাকারবারিদের হামলায় ডিবির ৬ সদস্য আহত

নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে গিয়ে সংঘবদ্ধ চক্রের হামলায় ডিবির ৬ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের তেরতোফা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন—ডাইয়ের কান্দা গ্রামের মামুন মিয়া ও আল আমিন; তেরতোফা এলাকার সারফুল ইসলাম, রুনেল সরকার, হাবিবুর রহমান, মো. আব্দুল জলিল, আদিয়া খাতুন, শাহাতন আক্তার, মাজেদা খাতুন, পারভিন আক্তার, আদির উদ্দিন ও মাহমুদুল ইসলাম সায়েম; কৃষ্টপুর এলাকার মোশারফ মিয়া; আমগড়া এলাকার কাউসার আহমেদ এবং রায়পুর এলাকার আফাজ উদ্দিন।

পুলিশ জানায়, অভিযোগ রয়েছে, কলমাকান্দা সীমান্ত দিয়ে ভারতীয় গরু, চিনি, জিরা ও কসমেটিকসসহ বিভিন্ন পণ্য চোরাচালানের মাধ্যমে দেশে প্রবেশ করায় একটি চক্র। মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল তেরতোফা গ্রামের সারফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।

অভিযান শুরুর পরপরই চোরাকারবারিরা চিৎকার-চেঁচামেচি করে আশপাশের লোকজনকে জড়ো করে। একপর্যায়ে কিল-ঘুষি, লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে ডিবি সদস্যদের ওপর হামলা চালানো হয়।

হামলায় এসআই আব্দুল জলিল, এসআই শওকত, এএসআই আবুল কালাম এবং সদস্য শামীম, হিমেল ও খায়রুল আহত হন। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। একইসঙ্গে হামলায় জড়িত ১৫ জনকে আটক করে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, ৫টি ভারতীয় গরু, ৫ বোতল ভারতীয় মদ, ২০ পিস ইয়াবা, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং একটি টাকা গোনার মেশিন উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কলমাকান্দা থানায়  অভিযোগ দায়ের করেছে।

কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন বলেন, আটক আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।