সারা বাংলা

মাদারীপুরে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া নওহাটা এলাকায় ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নাসির হাওলাদারের স্ত্রী রুনি বেগমের সঙ্গে আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমাইয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষের স্বজন ও সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।