কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসব নেতাকর্মী জামিনে বের হয়ে দলকে সুসংগঠিত করতে ‘সক্ষম’ তাদের অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তার সই করা বিশেষ এই নির্দেশনা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘কার্যক্রম নিষিদ্ধ/স্থগিত ফ্যাসিস্ট সংগঠন/সংগঠনসমূহের যে নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠপর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন অ্যারেস্ট) হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং রাজনৈতিক অস্থিরতা রোধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
এ বিষয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, “শুধু আওয়ামী লীগ না, যারা সন্ত্রাসী কার্যক্রম করে তাদের গ্রেপ্তার করতে বলা হয়েছে। যেসব প্রভাবশালী নেতারা জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় দলকে শক্তিশালী ও মাঠ পর্যায়ে রাজনৈতিক তৎপরতা শুরু করছে তাদের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।”