আগামী ৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ ও গ্রুপিং সম্পন্ন করে ভিসা প্রক্রিয়া শেষ করার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ লক্ষ্যে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ৩০টি হজ এজেন্সির কাছে চিঠি পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, এসব এজেন্সির অধীনে থাকা ৭ হাজার ৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা এখনো সম্পন্ন হয়নি। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বাকি রয়েছে বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেসের ১ হাজার ৩০৬ জন। আর সবচেয়ে কম রয়েছে এহসান এয়ার ট্রাভেলসের, মাত্র ১০ জন।
চিঠিতে আরো জানানো হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ মার্চের মধ্যে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া শেষ করতে হবে। ভিসা আবেদনের আগে হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস সনদ গ্রহণ ও বাধ্যতামূলক টিকাদান সম্পন্ন করা আবশ্যক।
এ ছাড়া, ভিসা প্রক্রিয়াকরণের জন্য হজযাত্রীদের গ্রুপ তৈরি, গ্রুপ প্রসেসিংসহ প্রয়োজনীয় সব কার্যক্রম শেষ করতে ৫ থেকে ১০ দিন সময় লাগতে পারে। কারিগরি জটিলতা দেখা দিলে এই সময় আরো বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে চিঠিতে।
মন্ত্রণালয় জানায়, ২০ মার্চের কাছাকাছি সময়ে ঈদুল ফিতরের ছুটি থাকায় বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশেই সংশ্লিষ্ট দপ্তরগুলো বন্ধ থাকতে পারে। এতে ভিসা প্রক্রিয়ায় বিলম্বের ঝুঁকি রয়েছে। তাই পর্যাপ্ত সময় হাতে রেখেই ৫ মার্চের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান ও ভিসা কার্যক্রম সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়েছে।
চিঠিতে এজেন্সিভিত্তিক যেসব হজযাত্রী এখনও স্বাস্থ্য পরীক্ষা করাননি, তাদের বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব কার্যক্রম শেষ করতে সংশ্লিষ্ট এজেন্সি মালিক ও ব্যবস্থাপকদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।