জাতীয়

একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী অমর একুশে বইমেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে শুরু হয়েছে বইমেলার এই আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং স্বাগত বক্তব্য দেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এবং সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।

বইমেলা আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। রাত সাড়ে ৮টার পর নতুন দর্শনার্থীদের প্রবেশের সুযোগ থাকবে না।

এবারের মেলায় ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানের জন্য মোট ১,০১৮টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি লিটল ম্যাগাজিনের জন্য পৃথক স্টল রাখা হয়েছে।

পরিবেশ সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে আয়োজকরা ঘোষণা করেছেন, এবারের বইমেলা ‘জিরো ওয়েস্ট বইমেলা’ হিসেবে অনুষ্ঠিত হবে। মেলা প্রাঙ্গণ পলিথিন ও ধূমপানমুক্ত থাকবে এবং স্টল ও মঞ্চে পুনর্ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।