খেলাধুলা

নাঈমের ফিফটির পর রনির ঝড়ে সেন্ট্রাল জোনের জয়

সেঞ্চুরি পাওয়ার দারুণ সুযোগ ছিল নাঈম শেখের, পারলেন না। ফিফটি পাওয়া আবু হায়দার রনি দেখালেন নিজের কারিশমা। ঝড়ো ইনিংস খেলে বিসিবি ইষ্ট জোনকে স্রেফ উড়িয়ে দিলেন।

এই দুই ব‌্যাটসম‌্যানের ফিফটিতে ইষ্ট জোনকে ৫ উইকেটে হারিয়ে জয়ে ফিরল বিসিবি সেন্ট্রাল জোন। বিসিএলের দ্বিতীয় রাউন্ডে সেন্ট্রাল জোন প্রথম জয়ের দেখা পেল। ইষ্ট জোন টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায়। শেষ ম‌্যাচ তাদের জন‌্য স্রেফ আনুষ্ঠানিকতা মাত্র। 

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগে ব‌্যাটিংয়ে নেমে ইষ্ট জোন ৯ উইকেটে ২৩৭ রান করে। জবাব দিতে নেমে সেন্ট্রাল জোন ৪৫.৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে লক্ষ‌্যে পৌঁছে যায়। 

ম‌্যাচ সেরা নির্বাচিত হওয়া আবু হায়দার রনি বোলিংয়ে ১ উইকেট নেওয়ার পর ব‌্যাটিংয়ে ৪২ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কার মার। ১৫৭.১৪ স্ট্রাইক রেটে খেলা ইনিংসটি ম‌্যাচের ব‌্যবধান গড়ে দেয়।

এছাড়া ইনিংসের শুরুতে নাঈম শেখ দলের হাল ধরেন। দারুণ ফিফটির পর ইনিংস বড় করে সেঞ্চুরির দিকে এগিয়ে যান বাঁহাতি ব্যাটসম‌্যান। কিন্তু তিন অঙ্ক ছোঁয়া হয়নি তার। স্পিনার নাঈম হাসানের বল উড়াতে গিয়ে সৈয়দ খালেদের হাতে ক‌্যাচ দেন ৮৩ রানে। ৯৮ বলে ৫ চার ও ২ ছক্কায় খেলেন ইনিংসটি। রান পাননি সাইফ হাসান (৬)।  

এর আগে রাকিবুলের ৩ ও রিপন এবং তাসকিনের ২টি করে উইকেটে সেন্ট্রাল জোন ইষ্ট জোনের ইনিংসকে বেশিদূর যেতে দেয়নি। ইষ্ট জোনের ওপেনার জাকির হাসান সর্বোচ্চ ৪৫ রান করেন। এছাড়া অধিনায়ক ইয়াসির ৩৭ ও ৩৪ রান করেন মুমিনুল হক।