অর্থনীতি

বন্ধ কলকারখানা পুনরায় চালু করতে সহযোগিতা করবে কেন্দ্রীয় ব্যাংক

বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালু করার উদ্যোগ কে সহায়তা করবে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান দায়িত্ব নেওয়ার পর তার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরিফ হোসেন খান বলেন, “প্রথম দিন নতুন গভর্নর নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নরদের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তিনি বেশ কিছু দিক-নির্দেশনা দিয়েছেন। বৈঠকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যমূল্য স্থিতিশীল রাখাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান গভর্নর।”

এর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করেন তিনি।

তিনি বলেন, “আগের সরকারের সময়ে নেওয়া ম্যাক্রো-অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার পদক্ষেপের প্রশংসা করেছেন গভর্নর। একই সঙ্গে আগের গভর্নরের নেওয়া নানা ইতিবাচক সংস্কারও অব্যাহত রাখবেন বলে নতুন গভর্নর জানান।”

এর আগে নতুন নিয়োগ পাওয়া গভর্নর মো. মোস্তাকুর রহমান সকাল ১১টার দিকে কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশের সময় সাংবাদিকদের বলেন, “আগে কাজ, পরে কথা হবে।” 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। একই সঙ্গে নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়।