সারা বাংলা

নিউজপোর্টাল নীতিমালার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের আইপি টিভি ও অনলাইন নিউজপোর্টাল নীতিমালার আওতায় আনা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি।  

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সরকারি সফরে নিজ এলাকা নান্দাইলে প্রেস ক্লাব পরিদর্শনে গিয়ে তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন, তাঁদের সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না। কারণ স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র বিকাশে অপরিহার্য বলে মনে করেন প্রধানমন্ত্রী। 

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘‘মন্ত্রণালয়ে বসে বুঝতে পারছি, গত ১৭ বছর কীভাবে মন্ত্রণালয় চলেছে। যেভাবে পারা যায়, সেইভাবে অনিয়ম ও দুর্নীতি করে পরিচালনা করা হয়েছে। কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি। এখন সবই চলবে নিয়মের ওপর।’’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর এটি প্রথম সফর। নান্দাইলে পৌছার পর সদরে অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে পুলিশের একটি দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেন। 

সম্মিলিত সাংবাদিক সমাজ, নান্দাইল ও গফরগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে প্রেস ক্লাব মিলনায়তনে স্বাগত জানানো হয়। এছাড়া, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

পরে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। তিনি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নানা পরামর্শ ও নির্দেশ দেন।