জাতীয়

পুরান ঢাকায় এসি মেরামতের সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর পুরান ঢাকার নারিন্দা কাঁচাবাজার এলাকার একটি গলিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলায় এসি মেরামতের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পাশের পুরো দেয়াল ধসে পড়ে। এতে একই পরিবারের ৩ জন দগ্ধ হন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ভবনের সিঁড়িতে পানির চিহ্ন এবং ভেতরের অবস্থা বিস্ফোরণের ভয়াবহতা জানান দেয়।

বিস্ফোরণের কারণ এসি গ্যাসের সিলিন্ডার। বাসা বাড়িতে এমন দাহ্য সিলিন্ডার।পুরো বাসা ভর্তি ছোট গ্যাস সিলিন্ডার। এলাকাবাসীর অভিযোগ, এই ঘরেই ছিল প্রায় ১৫০টির মতো সিলিন্ডার। ঘটনার পর সরিয়ে ফেলা হয় এসব সিলিন্ডার।

বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ভর্তি করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তিনজনের অবস্থাই গুরুতর।

প্রতিবেশী মোহাম্মদ শাহিন জানান, নারিন্দার দক্ষিণ মুসুন্দি এলাকার একটি ভবনে বিকট শব্দ হওয়ার পর আগুন ধরে যায়। তখন ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “নারিন্দা এলাকায় একটি ভবনে এসি বিস্ফোরণে নারীসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে বার্নি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে তাদের কত শতাংশ পুড়ে গেছে সে বিষয়ে জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”