দিনাজপুরের হিলি স্থলবন্দরসংলগ্ন এলাকায় অবস্থিত আরনু জুট মিলে চুরির ঘটনা ঘটেছে। প্রায় ২০ লাখ টাকার মূল্যবান কেবল তারসহ বিভিন্ন মালামাল চোররা নিয়ে গেছে বলে অভিযোগ করেছে মিল কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, তারা গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মিলের পরিচালক শেখ আব্দুল শাফি জানান, গত ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে দুই থেকে তিনজন চোর সীমানা প্রাচীর টপকে মিলের ভেতরে প্রবেশ করে। তারা সারা রাত মিলের বিভিন্ন অংশে ঘোরাফেরা করে মূল্যবান বৈদ্যুতিক কেবল, তার ও অন্যান্য যন্ত্রাংশ একত্র করে। পরদিন সকাল ৮টার দিকে তারা এসব মালামাল নিয়ে মিল এলাকা ত্যাগের চেষ্টা করে।
তিনি জানান, মিলের দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী সন্দেহজনক গতিবিধি দেখে চিৎকার দিলে চোরেরা দ্রুত একটি অটোরিকশায় মালামাল তুলে পালিয়ে যায়। পুরো ঘটনাটি এত দ্রুত ঘটে যে, নিরাপত্তাকর্মীরা তাদের আটক করতে পারেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে।
মিল কর্তৃপক্ষের অভিযোগ, ঘটনার পরপরই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, “আরনু জুটমিলে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”