জাতীয়

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানীসহ সারা দেশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।

রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

রাইজিংবিডি ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি কাঞ্চন কুমার জানিয়েছেন, কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভুত হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি।

রাইজিংবিডি ডটকমের সাতক্ষীরা প্রতিনিধি শাহীন গোলদার জানিয়েছেন, জেলার বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

ভারতের আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫।