সারা বাংলা

চাকা খুলে প্রাণ গেল অটোচালকের, আহত ২

পাবনার সাঁথিয়ায় অটোরিকশার নিচে চাপা পড়ে চালক লিয়াকত আলী (৪৫) মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সাঁথিয়া-মাধপুর আঞ্চলিক সড়কের চক নন্দনপুরে এ দুর্ঘটনা ঘটে। লিয়াকত উপজেলার নন্দনপুর ইউনিয়নের উত্তর শোলাবাড়ীয়া গ্রামের মৃত সিরাজুল আলী মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বোয়াইলমারী বাজার থেকে যাত্রী নিয়ে সাঁথিয়ার দিকে যাচ্ছিলেন লিয়াকত। চক নন্দনপুর পৌঁছালে অটোরিকশার সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে লিয়াকত নিচে চাপা পড়েন। এতে মাথায় আঘাত পান তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।”