সারা বাংলা

ওসির সামনে চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা বললেন ‘পাওনা টাকা চেয়েছি’

নাটোরের গুরুদাসপুর থানার ওসি ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সামনেই হাটের ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাকিবুর রহমান রাজা নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি তুলাধূনা হাটের ইজারা নিতে টেন্ডার জমা দেন ওবায়দুল ইসলাম তপু ও রাকিবুর রহমান রাজা। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে হাটবাজার ইজারা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী এক বছরের জন্য ২১ হাজার ৭১৩ টাকায় তুলাধূনা হাটের ইজারা পান ওবায়দুল ইসলাম তপু। এতে ক্ষুব্ধ হন রাজা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে ইউএনও কার্যালয় থেকে বের হওয়ার সময় ওসি ও অন্যান্য কর্মকর্তাদের সামনেই তপুর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন রাজা। এ সময় উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয় এবং ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। সরকারি দপ্তরের সামনে এমন ঘটনায় উপস্থিতদের মধ্যে বিস্ময় ও উদ্বেগ দেখা দেয়।

ভুক্তভোগী ওবায়দুল ইসলাম তপু অভিযোগ করে বলেন, “ইজারা না পেয়ে সবার সামনে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করব।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন রাকিবুর রহমান রাজা। তিনি বলেন, “এক বছর আগে থেকেই তপুর কাছে আমার পাঁচ লাখ টাকা পাওনা রয়েছে। সেই টাকাই চেয়েছি। পুলিশ প্রশাসন ও এত লোকের সামনে চাঁদা কেন চাইতে যাব।”

এ বিষয়ে নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম বলেন, “অভিযোগের বিষয়টি শুনেছি। বিষয়টি যাচাই-বাছাই করে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

গুরুদাসপুর থানার ওসি মো. শফিকুজ্জামান সরকার বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তার দাবি, চাঁদা বা টাকা দাবি করার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে রাজা ক্ষোভের বশবর্তী হয়ে তপুকে ‘এলাকায় আয়, তোকে দেখে নেবো’ বলে মন্তব্য করেছেন।

তিনি আরো বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”