সারা বাংলা

নরসিংদীর আলোচিত ধর্ষণ-হত্যা: নুরা গাজীপুর, আলী ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

ধর্ষণের ঘটনা আড়াল করতে ভুক্তভোগী কিশোরীকে অপহরণের পর হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি নুর মোহাম্মদ ওরফে নুরাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর অভিযানে থাকা পুলিশ সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানায়, এক-দুই মাইল দৌড়ে নুরাকে ধরেছেন করেছেন তারা।

প্রায় একই সময়ে মামলার আরেক আসামি হযরত আলীকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়ে তথ্য দিয়েছেন নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।

পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় মোট ৯ জনকে আসামি করা হয়। ঘটনার পরপরই আসামিদের ধরতে পুলিশের একাধিক বিশেষ টিম দেশের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। এর অংশ হিসেবে পৃথক দুটি টিমকে গাজীপুর ও নরসিংদী অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়।

অভিযানের এক পর্যায়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নুর মোহাম্মদ ওরফে নুরাকে গাজীপুরের মাওনা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে রাত সাড়ে ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

একই সময়ে আরেক অভিযানে হযরত আলীকে ময়মনসিংহের গৌরিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

নুরা ও হযরত আলীকে নরসিংদীতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই নৃশংস ঘটনায় জড়িত অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।