আন্তর্জাতিক

ইরানে যৌথ হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ইরানের বিভিন্ন শহরে যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরানজুড়ে অসংখ্য বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আগুনের আভা দেখা গেছে। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, তারা দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ ঘোষণা দেন। তিনি পুরো ইসরায়েলজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। 

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের ওপর সম্ভাব্য হুমকি দূর করতেই বৃহস্পতিবার সকালে ইরানে একটি প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। 

একজন মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানান, এই হামলাটি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যৌথ সামরিক অভিযান হিসেবে পরিচালিত হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে আসতে চাপ দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে বিশাল যুদ্ধবিমান বহর এবং যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন বলছে, তেহরানে এই হামলাগুলো দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছে সংঘটিত হয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, তেহরানের উত্তরের সৈয়দ খন্দান এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।