আন্তর্জাতিক

ইরানের যেসব স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের বিভিন্ন শহরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) আকস্মিভাবে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের রাজধানী তেহরানজুড়ে অসংখ্য বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আগুনের আভা দেখা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবর অনুসারে, আজ শনিবার ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পারমাণবিক শক্তি সংস্থা ও পারচিন সামরিক কমপ্লেক্স লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আনুষ্ঠানিকভাবে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য স্বীকার করেছেন। 

ট্রাম্প জানান,  “অল্প কিছুক্ষণ আগে, মার্কিন সামরিক বাহিনী ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। আমাদের উদ্দেশ্য হলো ইরানি শাসনের হুমকিগুলো নির্মূল করার মাধ্যমে মার্কিন জনগণকে রক্ষা করা।”

কাটজের দাবি, “ইসরায়েলের ওপর সম্ভাব্য হুমকি দূর করতেই বৃহস্পতিবার সকালে ইরানে প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে।”

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন বলছে, তেহরানে এই হামলাগুলো দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছে সংঘটিত হয়েছে। 

এদিকে ইরান সরকার এখনও এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করেনি। যদিও দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, রাজধানী তেহরানের ছাড়াও বহু দূরের শহর কোম ও দেশের কেন্দ্রস্থল ইসফাহানসহ আরো বেশ কয়েকটি শহরে হামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।