খেলাধুলা

আইসিসির মাসসেরা খেলোয়াড়: নাহিদার পর সোবহানা

আইসিসির জানুয়ারি মাসের সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সোবহানা মোস্তারি। আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিসকে পেছনে ফেলে সেরা হয়েছেন সোবহানা। 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ৬ ম্যাচে ৪৫.৮০ গড়ে ২২৯ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। বাংলাদেশকে প্রতিযোগিতার মূল পর্বে নিয়ে যেতে বড় ভূমিকা রেখেছেন তিনি। জুন-জুলাইয়ে ইংল্যান্ডে বসবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন নাহিদা আক্তার। লম্বা সময় পর সোবহানা পেলেন দ্বিতীয় পুরস্কার। 

থাইল্যান্ডের বিপক্ষে ৫৯ রান করে টুর্নামেন্ট শুরু করেছিলেন সোবহানা। এছাড়া স্কটল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৪৭ রান। বাকি পাঁচ ম্যাচের চারটিতেই রান করেছিলেন ত্রিশের বেশি। ইনিংসগুলো হচ্ছে- ৩৩*, ৩০, ৩৪* ও ৩২। এক ম্যাচে তার রান ছিল ২৭।  

একই টুর্নামেন্টে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দিয়ে ‌গ‌্যাবি লুইস ১২৪.৮৭ স্ট্রাইক রেটে ২৫১ রান করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের পেসার টারা নরিস ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন।

এছাড়া পুরুষ ক্রিকেটে মাসসেরা ক্রিকেটার হয়েছেন নিউ জিল্যান্ডের ডার্ল মিচেল। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব ও ইংল্যান্ডের সুপারস্টার জো রুটকে পেছনে ফেলে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় হয়েছেন মিচেল। 

জানুয়ারিতে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে নিউ জিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে ১৩১ ও শেষ ম্যাচে ১৩৭ রান করেন মিচেল। তিন ম্যাচের সিরিজে ১৭৬ গড়ে ৩৫২ রান করেছিলেন ডানহাতি ব্যাটসম্যান। তাতে সিরিজ সেরা এবং ওয়ানডে ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান হয়েছেন মিচেল। এবার তার মাথায় যুক্ত হলো মাসসেরা খেলোয়াড়ের মুকুট।