আইন ও অপরাধ

অন্য কোথাও হত্যা করে হাত-পা বিচ্ছিন্ন করা হয়: পুলিশ

রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। দেহাবশেষের বাকি অংশ উদ্ধারে পুলিশের সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পল্টন থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল খান বলেন, “বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন দুই হাত পাওয়া যায়। এছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা। তার নাম আমরা নিশ্চিত হয়েছি। সে অনুয়ায়ী তার বর্তমান ও স্থায়ী ঠিকানায় যোগাযোগ করা হয়েছে।”

তিনি বলেন, “আমরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারলে হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে আসবে। তবে এটি একটি জঘন্য কাজ। তাকে কোথাও হত্যা করে হাত-পা বিচ্ছিন্ন করে পরিচয় যেন নিশ্চিত না হওয়া যায় সেজন্য দুর্বৃত্তরা হাত ও পা বিচ্ছিন্ন করে বিভিন্ন স্থানে ফেলে যায়। তবে কারা এ কাজ করেছে তা নিশ্চিত হতে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছি।”

পুলিশ জানায়, শুক্রবার রাত দুইটার দিকে পা এবং শনিবার সকালে কাঁটা দুই হাত উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। তার বাড়ি নরসিংদী শিবপুর উপজেলায়। দেহের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

হত্যাকাণ্ডের ধরন দেখে পুলিশ সন্দেহ করছে, সাধারণত পূর্বশত্রুতা বা ক্ষোভের আক্রোশবশত হয়ে অপরাধীরা এ ধরনের কাজ করে থাকে। তেমনটি হয়তো এ ঘটনার ক্ষেত্রেও ঘটেছে।