সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘‘পরিবহন সেক্টরে স্পষ্ট ম্যাসেজ, কোনো ভাড়া বাড়বেন না। যারা এভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারলে ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা নেওয়া হবে।’’
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি এন্ড বাঙ্ক টার্মিনাল, নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদী বন্দরের মাছঘাট সংলগ্ন নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শেখ রবিউল আলম বলেন, ‘‘লাইটার জাহাজে ভোগ্যপণ্য রাখা হয়, বাজারে সংকট করর জন্য। এটা দেখার জন্য এসেছি। লাইটার জাহাজে গম পেয়েছি। নিদিষ্ট সময়ে পণ্য খালাস না করে রেখে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’’
আসন্ন ঈদে ঘরেফেরা মানুষের যাত্রা স্বস্তির হবে বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘এবারের ঈদযাত্রা স্বস্তির হবে, নিরাপদ হবে। যেসব জায়গায় ব্যত্যয় ঘটনার সম্ভাবনা আছে, সেগুলো আমরা চিহ্নিত করে নির্দেশনা দিয়েছি। অবাধ ঈদযাত্রা নিশ্চিতে গতবারের চেয়ে এবার সবাই বেশি তৎপর থাকবে।’’
এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিআইডব্লিটিএ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।