সারা বাংলা

পাটগ্রামে ট্রাকের ধাক্কায় ওয়ালটন শোরুমের ম্যানেজার নিহত

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় রফিকুজ্জামান পলাশ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওয়ালটন শোরুমের ম্যানেজার ছিলেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পাটগ্রাম উপজেলার সর্য়ার বাজারের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

রংপুরের বদরগঞ্জ উপজেলার বাসিন্দা রফিকুজ্জামান পলাশ পাটগ্রামে ওয়ালটন শোরুমের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই সন্তানের বাবা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, শোরুমের বকেয়া কিস্তি কালেকশন করতে শনিবার সকালে পাটগ্রাম থেকে মোটরসাইকেলে করে বাউরা বাজারের দিকে যাচ্ছিলেন রফিকুজ্জামান পলাশ। পথে শিমুলতলা এলাকায় পৌঁছালে একটি পাথরবোঝাই ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার বলেছেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। পলাশের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”