ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যদি যুক্তরাষ্ট্র ও ইসরালের হামলায় নিহত হলেও তার স্থলাভিষিক্ত হতে পারেন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর কট্টরপন্থি ব্যক্তিরা। শনিবার মার্কিন ও ইসরায়েলি হামলার প্রাক্কালে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
গত দুই সপ্তাহ ধরে যাচাইকৃত মূল্যায়নগুলোতে মার্কিন হস্তক্ষেপের পর ইরানে কী ঘটতে পারে এবং সামরিক অভিযান কতটা পরিমাণে ইসলামী প্রজাতন্ত্রে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারে তা বিস্তৃতভাবে পর্যালোচনা করা হয়েছিল।
আইআরজিসি হচ্ছে একটি অভিজাত সামরিক বাহিনী, যার উদ্দেশ্য ইরানে শিয়া মুসলিম ধর্মীয় শাসন রক্ষা করা।
গোয়েন্দা বিষয় নিয়ে আলোচনা করার জন্য নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলি জানিয়েছে, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনগুলো কোনো পরিস্থিতির নিশ্চিতভাবে উপসংহার টানতে পারেনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহ ধরে ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন দেখতে আগ্রহী, তবে দেশটির নেতৃত্ব কে দিতে পারে সে সম্পর্কে ওয়াশিংটনের চিন্তাভাবনা সম্পর্কে কোনো বিস্তারিত কিছু বলেননি।
শনিবার ভোরে এক ভিডিও ভাষণে ট্রাম্প তেহরানকে ‘সন্ত্রাসী শাসনব্যবস্থা’ হিসাবে বর্ণনা করেছেন এবং ইরানি জনগণকে সরকার দখলে নিতে উৎসাহিত করেছেন।