ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
সংবামাধ্যমটি বলছে, তেল আবিবের গুশ দান মেট্রোপলিটন এলাকায় নতুন এই হামলায় অন্তত ২১ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, একজনের অবস্থা গুরুতর এবং দুজনের অবস্থা মাঝারি। বাকিরা হালকা আহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জনসংযোগ শাখা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি অবস্থানের ওপর তাদের তৃতীয় ও চতুর্থ দফার ‘প্রতিশোধমূলক’ হামলা বর্তমানে চলমান রয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল হামলার প্রধান লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে হাইফা বন্দরের ইসরায়েলি নৌঘাঁটি, হাইফায় যুদ্ধজাহাজের নোঙর করার স্থান, রামাত ডেভিড বিমানঘাঁটি, হাকরিয়াত এলাকায় অবস্থিত ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়, বেইত হাশামাশের সামরিক-শিল্প বসতি ও শতুদ-এর কেন্দ্রীয় সামরিক শিল্প কেন্দ্র।
এদিকে কাতারে মার্কিন সামরিক ঘাটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। আল-জাজিরা জানিয়েছে, কাতারের রাজধানী দোহার আকাশে এখনও ক্ষেপণাস্ত্র প্রতিহতের বিস্ফোরণ শোনা যাচ্ছে।