সারা বাংলা

একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়: মির্জা ফখরুল

আজকের সমাজ ক্রান্তিলগ্ন অতিক্রম করছে, যেখানে একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপি ও মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদ-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আজকে আমরা একটা ক্রান্তিলগ্নে বাস করছি। আমাদের চিন্তা-ভাবনাগুলো কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে গেছে। সেই চিন্তা-ভাবনাগুলোকে একত্রিত করতে হবে।”

সমাজ গঠনে নারীদের সমানভাবে সামনে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, “সমাজকে গড়ে তুলতে হলে আজকে অবশ্যই নারীদের সামনে সমানভাবে নিয়ে আসার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়। অথচ প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মন্ত্রী বলেন, “দেশের সামগ্রিক উন্নয়ন ও একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণে নারী-পুরুষের সমান অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে।” 

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, সবাই মিলে বাংলাদেশকে একটি ভালোবাসার রাষ্ট্র হিসেবে গড়ে তুলি।”

ইফতার মাহফিলে জেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।