মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তীব্র হয়ে উঠেছে।
পাল্টা জবাবে ইরান হামলা চালিয়েছে ইসরায়েল। পাশাপাশি বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি, দুবাই), কাতার, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিকে লক্ষ্য করে হামলা চালায় দেশটি।
এ পরিস্থিতিতে দুবাইয়ে অবস্থান করছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা বিষ্ণু মাঞ্চু। মাথার উপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেছেন এই তারকা।
এ ভিডিওতে দেখা যায়, আকাশজুড়ে ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার আলোর রেখা। বিষ্ণুর পেছনে তার ছোট ছেলে আয়রার আতঙ্কিত কণ্ঠ শোনা যায়। বিস্ফোরণের শব্দে সে ভয় পেয়ে যায়।
ভিডিওর ক্যাপশনে বিষ্ণু মাঞ্চু বলেন, “পরিবার নিয়ে আজ রাতে দুবাইয়ে আছি। আকাশে ক্ষেপণাস্ত্র দেখা যাচ্ছে। প্রচণ্ড শব্দে আমাদের বাড়ি কেঁপে উঠছে। ছোট আয়রা ভয় পেয়েছে। শান্তির জন্য প্রার্থনা করছি। কোনো শিশুই যেন নিজের বাড়ির ছাদের ওপর যুদ্ধের শব্দ শুনে বড় হতে না হয়।”
সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিষ্ণু বলেন, “বেসামরিক নাগরিকদের নিরাপদ রাখার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা বাহিনীকে কৃতজ্ঞতা জানাই। এমন মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা ভঙ্গুর। শক্তি ও শান্তির জন্য প্রার্থনা করছি।”
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব বিমান চলাচলেও পড়েছে। হামলার পর একাধিক আন্তর্জাতিক এয়ারলাইনস এই অঞ্চলে ফ্লাইট স্থগিত করেছে। ফ্লাইট ট্র্যাকিং মানচিত্রে ইরান, ইরাক, কুয়েত, ইসরায়েল ও বাহরাইনের আকাশসীমা প্রায় ফাঁকা দেখা যায়।
নিরাপত্তাজনিত কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বলে রাখা ভালো, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির দক্ষিণে অবস্থিত আল দাফরা বিমানঘাঁটি। এটি আমিরাত বিমানবাহিনীর সঙ্গে যৌথভাবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র।
মার্কিন বিমানবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের তথ্য অনুযায়ী, এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান, এই অঞ্চলে গোয়েন্দা নজরদারিতে সহায়তা করে থাকে। এছাড়া দুবাইয়ের জেবেল আলী বন্দর কোনো প্রথাগত সামরিক ঘাঁটি না হলেও মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিরতিস্থল, যেখানে নিয়মিত মার্কিন বিমানবাহী রণতরি নোঙর করে।