খেলাধুলা

ইতিহাসের প্রথম এশিয়ান কাপ ম্যাচে চীনের সমীহ পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের ইতিহাসের প্রথম এশিয়ান কাপ ম্যাচে মঙ্গলবার (০৩ মার্চ) চীনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশে প্রথমবারের মতো খেললেও গ্রুপ পর্বে বাংলাদেশকে হালকাভাবে নিতে চান না চীনের প্রধান কোচ আনতে মিলিচিচ। তিনি মনে করেন, গ্রুপে উত্তর কোরিয়া বড় চ্যালেঞ্জ হলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও পূর্ণ মনোযোগ প্রয়োজন।

সিডনিতে এক সাক্ষাৎকারে মিলিচিচ বলেন, ‘‘এখনকার ফুটবলে সব দলই ফিট। সবাই সংগঠিতভাবে খেলছে। প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। তারা প্রথমবার এশিয়ান কাপে খেলতে এসেছে। তাদের সম্মান দেখাতে হবে।’’

গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে নয়বারের চ্যাম্পিয়ন চীন, তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। আগামী ৩ মার্চ সিডনি ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া মিলিচিচ আগে অস্ট্রেলিয়ার নারী দল মাতিলদাসের কোচ ছিলেন। ২০১৯ বিশ্বকাপে তিনি দলকে শেষ ষোলোতে তুলেছিলেন। ২০২৪ সালে তিনি চীনের জাতীয় দলের দায়িত্ব নেন।

চীনের বিপক্ষে প্রথম ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ। টুর্নামেন্টের আগে ভালো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ দল। সিডনিতে পৌঁছানোর পর কোচ পিটার বাটলারের অধীনে চারটি অনুশীলন সেশন করে বাংলাদেশের মেয়েরা।

এরপর ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স উইমেন্স এফসির বিপক্ষে একটি রুদ্ধদ্বার প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। ওই ম্যাচে স্কোরলাইন ১-১ গোলে ড্র হয়েছে। স্কোয়াডের ২৬ জন খেলোয়াড়ই ম্যাচে অংশ নেন।

বাংলাদেশ আশা করছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে তারা ফাইট দিতে পারবে। যদিও সাম্প্রতিক সময়ে চীন ভালো সময় পার করছে না। ২০২৩ নারী বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।