শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন মো. মাসুদুর রহমান।
রবিবার (১ মার্চ) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।
মাসুদুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার। তিনি শেরপুর জেলা জামায়াতের ব্যবসায়িক শাখা ‘ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেলা জামায়াত সূত্রে জানা গেছে, প্রার্থী মনোনয়ন দেওয়ার লক্ষ্যে গোপন ব্যালটে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার তৃণমূল নেতাদের মতামত নেওয়া হয়। সেসব মতামত কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হলে কেন্দ্রীয় সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করে মাসুদুর রহমানকে প্রার্থী ঘোষণা করা হয়।
মাওলানা হাফিজুর রহমান বলেন, “তৃণমূলের মতামত ও প্রার্থীর সম্মতি সংযুক্ত করে কেন্দ্রে পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মাসুদুর রহমানকে প্রার্থী করা হয়েছে। তবে, আনুষ্ঠানিক চিঠি এখনো হাতে পাওয়া যায়নি। আজ রাতের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করছি। আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়া হবে।”
এ আসনে জামায়াতের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন শেরপুর-৩ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। নির্বাচন স্থগিত হওয়ার আগেও তিনিই বিএনপির মনোনয়ন পেয়েছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম চলাকালে গত ৩ ফেব্রুয়ারি গভীর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে মারা যান জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। পরদিন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান আসনটির নির্বাচন বাতিল করে গণবিজ্ঞপ্তি জারি করেন।
এরপর বাংলাদেশ নির্বাচন কমিশন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ, আপিল ৬ থেকে ১০ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ ১৫ মার্চ। আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।