বিনোদন

মধ্যবিত্তের টানাপড়েনের গল্প ‘থাকে তবু ভালোবাসা’

মধ্যবিত্ত একটি পরিবারের সুখ-দুঃখ, চাওয়া-পাওয়ার টানাপড়েন নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘থাকে তবু ভালোবাসা’। নাটকটি পরিচালনা করেছেন এস এম সেলিম। 

স্বল্প বেতনের চাকরিজীবী সরোয়ার, তার স্ত্রী সায়না ও একমাত্র মেয়ে নাবিহাকে ঘিরেই নাটকটির গল্প। সীমিত আয়ের সংসারে ধার-দেনার চাপের মধ্যে স্ত্রীর আবদারে এসি কেনার সিদ্ধান্ত নেয় সরোয়ার। পরিবারকে খুশি করতে গিয়ে সে ভুল পথে পা বাড়ায়, আর সেখান থেকেই গল্প নাটকীয় মোড় নেয়। 

নাটকটির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন এম এস রানা। সরোয়ার চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, সায়না চরিত্রে নাবিলা ইসলাম এবং শিশুশিল্পী নাবিহা রানা ইরা অভিনয় করেছেন নাবিহার ভূমিকায়। 

অভিনয়শিল্পীরা জানিয়েছেন, গল্পটি ছোট ঘটনার মধ্য দিয়ে গভীর আবেগ তুলে ধরে। বিশেষ করে শেষাংশ দর্শকদের নাড়া দেবে বলে প্রত্যাশা তাদের। 

আগামী ৭ মার্চ রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনের এ সপ্তাহের বিশেষ নাটক হিসেবে প্রচারিত হবে এটি। নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা।