বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের প্রযোজিত প্রথম সিনেমা ‘প্রেশার কুকার’ উৎসর্গ করেছেন পরিচালক রায়হান রাফী। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমার মধ্য দিয়ে প্রযোজক হিসেবে নতুন অধ্যায় শুরু করছেন তিনি।
রাফীর ভাষ্য, মাদ্রাসায় পড়াশোনার সময় থেকেই চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। তবে সেই স্বপ্ন নিয়ে ছিল সংশয়। ঠিক তখনই তারেক মাসুদের কালজয়ী সিনেমা ‘মাটির ময়না’ এবং নির্মাতার নিজের মাদ্রাসা জীবনের গল্প তাকে অনুপ্রাণিত করে। সেই অনুপ্রেরণার ঋণ স্বীকার করতেই ‘প্রেশার কুকার’ উৎসর্গ করেছেন তিনি।
কারণ ব্যাখ্যা করে এ বিষয়ে রায়হান রাফী বলেন, “প্রযোজক হিসেবে আমার যাত্রা শুরু হচ্ছে এই সিনেমা দিয়ে। তারেক মাসুদকে দেখেই সিনেমা বানানোর সাহস পেয়েছি। তাই প্রথম প্রযোজিত কাজটি তাকেই উৎসর্গ করা উচিত বলে মনে হয়েছে।”
সম্প্রতি প্রকাশিত ‘প্রেশার কুকার’ সিনেমার নতুন পোস্টারেও তারেক মাসুদের ‘মাটির ময়না’ সিনেমার আবহের ইঙ্গিত মিলেছে। এক পোস্টে রাফী লিখেছেন, “কোন মাটির ময়না গাইবে আমার মুক্তির গান?” সঙ্গে যুক্ত করেছেন ‘আ ট্রিবিউট টু তারেক মাসুদ’।
নারীকেন্দ্রিক গল্পে নির্মিত ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধ চৌধুরী।
ঢাকা শহরের দ্রুত সাফল্যের প্রতিযোগিতা আর নারীদের নীরব সংগ্রামকে ‘প্রেশার কুকার’-এর রূপকের মাধ্যমে তুলে ধরেছেন নির্মাতা। তার মতে, চাপ যত বাড়ে, বিস্ফোরণের আশঙ্কাও তত তীব্র হয়। তবে সেই চাপ ভেঙে একসময় উঠে আসে মুক্তির গান।
গত চার বছর কোরবানির ঈদে সিনেমা মুক্তি দিলেও এবার রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসছে রাফীর নতুন এই প্রযোজনা, যা ইতোমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে।