নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত এক কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ মার্চ) বিকেলে উপজেলার কাঁচপুর দক্ষিণপাড়া এলাকায় ডোবার পাশে কঙ্কালটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।
পুলিশ জানায়, কঙ্কালটির পাশে একটি পুরুষের প্যান্ট ও টি-শার্ট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি এক কিশোরের কঙ্কাল হতে পারে। তবে কতদিন আগে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহম্মেদ বলেন, “কঙ্কাল উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত বলা সম্ভব হবে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”