জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “এনসিপি সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকবে। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন রাখব না।”
রবিবার (১ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) জাতীয় যুবশক্তি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “অবিলম্বে বর্তমান সংসদকে ‘সংস্কার পরিষদ’ হিসেবে ঘোষণা করতে হবে এবং ফ্যাসিস্ট রাষ্ট্রপতির অভিশংসন নিশ্চিত করে তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে।”
সংসদ অধিবেশন ও সংস্কার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, “বর্তমান সংসদ হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতা। জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন হাজারো ভাই-বোন। এই রক্তের ওপর দাঁড়িয়ে অন্য কোনো কথা হবে না। আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে, শরীফ ওসমান হাদি হত্যার বিচার আমরা আদায় করেই ছাড়ব, ইনশাআল্লাহ।”
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, “এই সংসদেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সব অধ্যাদেশ অনুমোদন করতে হবে। সরকার ও বিরোধী দল, সবাই এ বিষয়ে একমত হবে বলে আমরা আশা করি।”