সারা বাংলা

রামগঞ্জে সবচাইতে প্রভাবশালী আমি: এমপি শাহাদাত

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেছেন, “রামগঞ্জের সবচাইতে প্রভাবশালী হলাম আমি। আমার প্রভাবে কেউ যদি প্রভাবিত হয়, সেটা আমি দেখবো। কিন্তু কোনো প্রভাবশালীর নাম দিয়ে, কোনো রাঘববোয়ালের নাম দিয়ে কারও পরিচিতি হোক, সেটা আমি কোনো অবস্থাতেই চাই না।”

রবিবার (১ মার্চ) দুপুরে রামগঞ্জ পৌরসভার প্রশাসকের সহায়তা কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌরসভা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অসন্তোষ প্রকাশ করে শাহাদাত হোসেন বলেন, ‌“বারবার বলার পরও মাদকের বিরুদ্ধে কোনো অভিযোগ পরিচালনা করা হচ্ছে না। যেটা হচ্ছে সেটা জনগণের দৃষ্টিতে অপ্রতুল।”

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রামগঞ্জ পৌর প্রশাসক ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিএস মনোয়ার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সেতু, রামগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, বর্তমান সভাপতি শেখ মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।