আন্তর্জাতিক

ইরানের হামলার প্রভাবে আমিরাতের শেয়ারবাজার সোম-মঙ্গলবার বন্ধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবের কারণে সংযুক্ত আরব আমিরাত সোম ও মঙ্গলবার তাদের শেয়ারবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ইউএই ক্যাপিটাল মার্কেটস অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, আবুধাবি সিকিউরিটিজ এক্সচেঞ্জ ও দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেটে ২ ও ৩ মার্চ লেনদেন বন্ধ থাকবে।

বিবৃতিতে বলা হয়, “আঞ্চলিক পরিস্থিতির ওপর কর্তৃপক্ষ নজরদারি অব্যাহত রাখবে এবং প্রয়োজন হলে অতিরিক্ত ব্যবস্থা নেবে।”

আমিরাতের এই দুটি স্টক এক্সচেঞ্জ মধ্যপ্রাচ্যের শীর্ষ পাঁচ বৃহৎ শেয়ারবাজারের মধ্যে অন্যতম। এসব বাজারে এই অঞ্চলের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত কোম্পানিগুলোর লেনদেন হয়।

রবিবার যেসব উপসাগরীয় বাজার খোলা ছিল, সেগুলোতে বড় ধরনের পতন দেখা যায়। সৌদি আরবের প্রধান সূচক লেনদেন শুরুর পর ৪ শতাংশের বেশি পড়ে যায়। ওমানে সূচক কমে ৩ শতাংশ এবং মিশরের প্রধান সূচক ৫ দশমিক ৪৪ শতাংশ হ্রাস পায়। অন্যদিকে কুয়েত পুরোপুরি লেনদেন স্থগিত রাখে।