বিনোদন

বিচ্ছেদ চর্চা: বিজয়ের চেয়ে বেশি টাকার মালিক তার স্ত্রী?

ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। ব্যক্তিগত জীবনে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে ঘর বেঁধেছেন। কিন্তু পরকীয়ার অভিযোগে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়ের স্ত্রী। ফলে আলোচনার শীর্ষে রয়েছেন বিজয় ও সংগীতা।

বিজয় তার অভিনয় ক্যারিয়ারে যশ-খ্যাতির পাশাপাশি অঢেল সম্পদের মালিক হয়েছেন। বিজয়ের স্ত্রী শোবিজ অঙ্গনের কেউ না হলেও মোটা অঙ্কের অর্থের মালিক সংগীতা। বিচ্ছেদের আলোচনার মাঝে এ দম্পতির সম্পদের পরিমাণ নিয়েও চর্চা কম হচ্ছে না। চলুন জেনে নিই, অর্থ-সম্পদে কে কাকে ছাড়িয়ে গেলেন—     

থালাপতি বিজয়ের সম্পদ  ভারতের দক্ষিণী সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের অন্যতম থালাপাতি বিজয়। প্রতি সিনেমার জন্য ১০০-২৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। বিজয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ৬০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮০৪ কোটি ৮৪ লাখ টাকার বেশি)। 

অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও রিয়েল এস্টেটে বিনিয়োগ থেকেও বিজয়ের বড় অঙ্কের টাকা আয় হয়ে থাকে। চেন্নাইয়ে সমুদ্রতীরবর্তী তার বিলাসবহুল বাংলোর মূল্য ৭০-৮০ কোটি রুপি। তাছাড়া তার বাড়ির গ্যারেজে শোভা পাচ্ছে বিলাসবহুল সব গাড়ি। এ তালিকায় রয়েছে—রোলস রয়েস, বিএমডব্লিউ এর মতো নামি ব্র্যান্ডের গাড়ি।

সংগীতার সম্পদ সংগীতা স্বর্ণালিঙ্গম ধনাঢ্য পরিবারের সন্তান। তার বাবা স্বর্ণালিঙ্গম যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়ী। লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সংগীতা। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এই তারকাপত্নী। সেখানে পারিবারিক ব্যবসা পরিচালনা করছেন বলে জানা যায়। তার মোট সম্পদের পরিমাণ ৪০০ কোটি রুপির বেশি (বাংলাদেশি মুদ্রায় ৫৩৬ কোটি ৫৬ লাখ টাকার বেশি)। সংগীতা ও বিজয় দম্পতির মোট সম্পদের পরিমাণ ১ হাজার কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৪১ কোটি ৪১ লাখ টাকার বেশি)।

সংগীতা-বিজয়ের নাটকীয় প্রেম-বিয়ে ১৯৯৬ সালে চেন্নাইয়ে শুটিং করার সময়ে সংগীতার সঙ্গে পরিচয় হয় বিজয়ের। এই নায়কের শুটিংয়ের খবর পেয়ে সেখানে হাজির হন তার অন্ধ ভক্ত সংগীতা। শুধু বিজয়ের সঙ্গে দেখা করার জন্যই যুক্তরাজ্য থেকে ভারতে এসেছিলেন সংগীতা; এমন কর্মকাণ্ড দেখে সংগীতায় মুগ্ধ হন বিজয়। পরবর্তীতে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। ১৯৯৯ সালের ২৫ আগস্ট সাতপাকে বাঁধা পড়েন বিজয়-সংগীতা। ২০০৫ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র জেসন সঞ্জয়। এ দম্পতির দিব্য সাশা নামে একটি কন্যা সন্তানও রয়েছে।

কেন বিচ্ছেদ চাইছেন সংগীতা? বিজয়ের সঙ্গে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম। বিচ্ছেদের আবেদনে সংগীতা দাবি করেছেন, এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। বিষয়টি তিনি ২০২১ সালে জানতে পারেন, এখনো সেই সম্পর্ক চালিয়ে যাচ্ছেন বিজয়। 

সংগীতা স্বর্ণালিঙ্গম দাবি করেছেন, সেই অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টানার আশ্বাস দিয়েছিলেন বিজয়। তবে তা করেননি। ওই অভিনেত্রীর সঙ্গে বিদেশ সফর করেন বিজয়। পাশাপাশি সামাজিক মাধ্যমেও দুজনের ছবি প্রকাশ করেন। বিষয়টি নিয়ে দুই সন্তান ও তিনি অপমান বোধ করছেন বলে জানিয়েছেন সংগীতা। কেবল তাই নয়, সংগীতাকে সামাজিক ও পেশাগত জীবন থেকে দূরে রাখা হয়েছে, এমনকি আর্থিক ও ব্যক্তিগত স্বাধীনতাতেও বিজয় হস্তক্ষেপ করেন বলে অভিযোগ সংগীতার।

*দি ইকোনিমিক টাইমস, মানি কন্ট্রোল অবলম্বনে