রাজশাহীর বাগমারা উপজেলায় আট বছর বয়সী শিশুকে ‘বলাৎকারের’ অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুস সাত্তার (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার হেদায়তিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। রবিবার (১ মার্চ) দুপুরে শিশুর বাবা বাগমারায় থানায় মামলা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে কয়েকদিন ধরে বিভিন্নভাবে প্রলুব্ধ করার চেষ্টা করা হয়। শনিবার সকাল ১১টার দিকে তাকে বলাৎকার করা হয়। এরপর শিশুটি তার পরিবারের সদস্যদের বলে, আব্দুস সাত্তার লোকটা ভালো না। শিশুর কথাবার্তা ও আচরণে অস্বাভাবিকতা দেখে তারা উদ্বিগ্ন হয়ে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেন। পরে শিশু তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়। এরপর পরিবারের সদস্যরা আইনগত পদক্ষেপ নেন।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, “শিশুটির বাবা থানায় এসে মামলা করেছেন। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিকে সোমবার (২ মার্চ) আদালতের পাঠানো হবে।”