সারা বাংলা

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কার চলায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ছড়িয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী ও চালকদের।

সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন এ তথ্য জানান। 

তিনি জানান, রবিবার মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীরগতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।

ঢাকাগামী ট্রাকচালক মোহন মিয়া জানান, রাত ৩টায় দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর থেকেই তিনি যানজটে আটকা পড়েন। দীর্ঘ সময় পার হলেও যানজট না কমায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।