নাটকীয় মোড়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার প্রায় পাঁচ মাস পর সিদ্ধান্ত বদলালেন উসমান কাদির। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দিলেন, সব সংস্করণেই জাতীয় দলের জন্য নিজেকে আবার উন্মুক্ত করছেন পাকিস্তানের এই লেগ স্পিনার।
২০২৪ সালের ৩ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন ৩১ বছর বয়সী কাদির। কিন্তু অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক পারফরম্যান্স ও পরিবারের উৎসাহ তাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। নিজের বার্তায় কাদির লিখেছেন, “গভীর আত্মসমালোচনার সময় পার করেছি। অস্ট্রেলিয়ায় সফল সময় কাটানোর পর আমি আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণে অবসর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি, অবিলম্বে কার্যকর।”
অস্ট্রেলিয়ায় তার পারফরম্যান্সই নাকি এই প্রত্যাবর্তনের মূল অনুপ্রেরণা। সেখানে ৪১টি উইকেট নিয়ে নিজের ধার প্রমাণ করেছেন তিনি। কাদিরের ভাষায়, “অস্ট্রেলিয়ায় সময়টা আমাকে বদলে দিয়েছে। ৪১ উইকেট আর ইতিবাচক সাড়া আমাকে মনে করিয়ে দিয়েছে, আমার প্রতিযোগিতার ধার এখনও তীক্ষ্ণ। বিশ্বমঞ্চে আমার দেওয়ার এখনও অনেক কিছু আছে।”
ফিরে আসার পেছনে ব্যক্তিগত আবেগও কম নয়। প্রয়াত আব্দুল কাদিরের ছেলে উসমান কাদির মনে করেন, ক্রিকেট তার কাছে কেবল খেলা নয়- একটি পারিবারিক ঐতিহ্য। তিনি বলেন, “বাবার পাকিস্তান ক্রিকেটে অবদান বিশাল। পরিবারের সঙ্গে আলোচনা করে বুঝেছি, এই ঐতিহ্য এগিয়ে নেওয়ার দায়িত্ব আমারও। দেশের হয়ে আবার খেলতে চাওয়ার আগুন এখনও জ্বলছে।”
আগামীর পথ যে সহজ হবে না, তা জানেন কাদির। তবু চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি, “আমি কঠোর পরিশ্রমে ফিরতে প্রস্তুত। সব সংস্করণেই নির্বাচনের জন্য নিজেকে উন্মুক্ত করছি। পাকিস্তান ক্রিকেটকে সেরাটা দেওয়ার অঙ্গীকার করছি,” যোগ করেন তিনি।
আবেগঘন ঘোষণার শেষ লাইনে কাদির লিখেছেন, “আমার যাত্রা শেষ হয়নি। পাকিস্তান ক্রিকেটের চেতনাকে আবারও এগিয়ে নিতে প্রস্তুত আমি।”
আন্তর্জাতিক পরিসংখ্যানে কাদির এখন পর্যন্ত একটি একদিনের ম্যাচে একটি উইকেট এবং ২৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৩১টি উইকেট নিয়েছেন, গড় ৭.৯৫- যা লেগ স্পিনার হিসেবে দারুণই বলা যায়।
সব মিলিয়ে, উসমান কাদিরের প্রত্যাবর্তন পাকিস্তান ক্রিকেটে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার পালা- জাতীয় দলে তার দ্বিতীয় অধ্যায় কতটা দীর্ঘ ও উজ্জ্বল হয়।