ক্যাম্পাস

দ্রুত শাকসু নির্বাচন আয়োজনের দাবিতে সংবাদ সম্মেলন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন দ্রুত সময়ের মধ্যে আয়োজনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’।

সোমবার (২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্যানেল নেতারা বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের গণতান্ত্রিক দাবির প্রেক্ষিতে শাকসু নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়া হলেও বার বার নানা অজুহাতে তা পিছিয়ে দেওয়া হয়েছে। ২০ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হলেও জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসায় নির্বাচন আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় নির্বাচনের পূর্বে শাকসুসহ সব ধরনের নির্বাচন স্থগিত করা হয়।

তারা অভিযোগ করেন, প্রার্থীরা দিন-রাত পরিশ্রম করে প্রচার চালালেও নির্বাচনের ঠিক আগমুহূর্তে হাইকোর্টে রিট দায়েরের মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। আদালতের চার সপ্তাহের স্থগিতাদেশের পরও তা প্রত্যাহারে যথাযথ আইনি উদ্যোগ নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।

ইতোমধ্যে স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়েছে এবং জাতীয় নির্বাচনও সম্পন্ন হয়েছে, তবুও প্রশাসনের পক্ষ থেকে নতুন তারিখ ঘোষণার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই বলে অভিযোগ করেন তারা।

প্যানেলের নেতারা বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ছাত্র সংসদ নির্বাচনই ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারে। নির্বাচিত ছাত্র প্রতিনিধিত্ব ছাড়া শিক্ষার্থীদের ন্যায্য দাবি-দাওয়া আদায় সম্ভব নয়।”

সংবাদ সম্মেলনে তারা দুই দফা দাবি জানান, হাইকোর্টের স্থগিতাদেশ শেষ হওয়ায় দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা এবং নির্বাচন স্থগিতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ।