সারা বাংলা

ইউপি চেয়ারম্যানের নির্দেশে নারীকে জুতাপেটার অভিযোগ

বরগুনার পাথরঘাটায় পরকীয়ার অভিযোগে এক গৃহবধূকে সালিশ বৈঠকে প্রকাশ্যে জুতা দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। রবিবার (১ মার্চ) রাতে সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামে এ ঘটনা ঘটে। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছগির আলম এ নির্দেশে দেন বলে অভিযোগ।

স্থানীয়রা অভিযোগ করেন, নিজলাঠিমারা গ্রামের ওই গৃহবধূর সঙ্গে পরকীয়া চলছিল স্থানীয় এক যুবকের। রবিবার রাতে দুজনকে হাতেনাতে ধরেন স্থানীয়রা। পরে এ নিয়ে সালিশ বৈঠক বসে। সালিশে উপস্থিত লোকজনের সামনে ছগির আলমের নির্দেশে গৃহবধূকে তারা বাবা জুতাপেটা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাবুল মিয়া বলেন, “ওই গৃহবধূর সঙ্গে স্থানীয় এক যুবকের পরকীয়া সম্পর্ক চলছিল। রবিবার রাতে স্থানীয় লোকজন তাদের হাতেনাতে ধরে। পরবর্তীতে ইউপি চেয়ারম্যানকে খবর দিলে তিনি এলাকাবাসীর সামনে বিচার করেন।”

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছগির আলম বলেন, “পরকীয়ার অভিযোগে দুইজনকে আটক করা হয়। পরে সালিশ বৈঠকে গৃহবধূকে তার বাবা জুতাপেটা করেন। আমি কোনো নির্দেশ দেইনি‌।”

পাথরঘাটা থানার ওসি মংচেনলা বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে নারীকে জুতাপেটা করার ভিডিও দেখেছি। এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”