সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাশয়ের ইজারাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোয়ালপাড়া গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম ও জামতৈলী গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোয়ালপাড়া গ্রামের একটি সরকারি জলাশয়ের ইজারাকে কেন্দ্র করে স্থানীয় সিদ্দিক ও আসমত আলী পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে উভয় পক্ষের ৭-৮ জন আহত হন। এর মধ্যে, গুরুতর আহত ৫ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালামের মৃত্যু হয়।
অবস্থা আশঙ্কাজনক ইসমাইল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”